জাতীয়
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

ঢাকা, ১৩ এপ্রিল – রাজধানীর তেজগাঁও এলাকার ইন্দিরা রোড খেলার মাঠে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই জানাজায় মরহুমের পরিবারের সদস্য ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন। এরপর দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকাল ৩টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে তার জীবনসঙ্গী মাহফুজা খানমের কবরের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রখ্যাত এই আইনজীবীর বয়স হয়েছিল ৯০ বছর।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









