রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যে ইব্রাহিমোভিচের খোঁচা

লিসবন, ২৪ জুন – প্রথম ম্যাচে সমালোচনার মুখে পড়ার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ চলাকালীন ক্যামেরার সামনে তাকে আই অ্যাম ব্যাক বলতে দেখা যায়। তবে পর্তুগিজ তারকার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন না জ্লাতান ইব্রাহিমোভিচ।
সাবেক এই সুইডিশ তারকার মতে, রোনালদোর এমন ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর পর্তুগিজ অধিনায়ককে তার মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মানুষ যাতে তার সামর্থ্যের কথা ভুলে না যায় সেজন্যই তিনি এমনটি বলেছেন।
তবে ফক্স স্পোর্টসের এক আলোচনায় ইব্রাহিমোভিচ ভিন্ন মত পোষণ করেন। তার মতে, উজবেকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে পর্তুগালের এমন বড় জয় ছিল প্রত্যাশিত। তিনি বলেন, এটি ছিল এমন একটি ম্যাচ যেখানে পর্তুগালের অনেক গোল করার সুযোগ ছিল।
ইব্রাহিমোভিচ মনে করেন যে রোনালদোর ফিরে আসার বার্তাটি খুব একটা অর্থবহ নয়। তিনি যুক্তি দেন যে রোনালদো কখনো হারিয়ে যাননি যে তাকে নতুন করে ফিরে আসার ঘোষণা দিতে হবে। উজবেকিস্তান দল এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং আগের ম্যাচেও তারা কলম্বিয়ার কাছে পরাজিত হয়েছিল।
সমালোচনা কিংবা খোঁচা যেভাবেই দেখা হোক না কেন, এই ম্যাচটি রোনালদোর জন্য ব্যক্তিগতভাবে বেশ তাৎপর্যপূর্ণ ছিল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার এখন ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন। এছাড়া লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন তার দখলে।
এস এম/ ২৪ জুন ২০২৬









