জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ১৪তম

ঢাকা, ২৪ জুন – বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহরের তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৮০ রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ঢাকার বায়ুমান সূচক ৯৮, যা বায়ুমান অনুযায়ী মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়।

বুধবার সকালে আইকিউএয়ারের লাইভ আপডেট থেকে এই তথ্য জানা গেছে।

দূষিত শহরের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান সূচক ১৭৮। ১৭০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে কাতারের রাজধানী দোহা এবং ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া ১৫২ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর হলে বায়ুমান মাঝারি বা সহনীয় ধরা হয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সরাসরি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বলে অভিহিত করা হয়।

এনএন/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language