মধ্যপ্রাচ্য

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

বৈরুত, ১০ এপ্রিল – লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে কোনো ধরনের শান্তি আলোচনায় অংশ নেবে না ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ইরানের কোনো আলোচক দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যায়নি। লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই।

ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার বিষয়টি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তেহরান। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য যেকোনো আলোচনা পুরোপুরি নির্ভর করবে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে কি না তার ওপর। বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে তারা প্রধান শর্ত হিসেবে দেখছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার থেকে জোরদার হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন। এছাড়া গত ২ মার্চ থেকে চলা টানা হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে। এই সময়ে আহত হয়েছেন ৬ হাজার ৯২ জন।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language