হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে সন্তোষজনক তেল বিক্রি করছে ইরান

তেহরান, ১৪ এপ্রিল – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালীর ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের জেরে মার্চ মাসে মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। তবে এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও মার্চ ও এপ্রিল মাসে ইরান সন্তোষজনক হারে তেল বিক্রি করতে সক্ষম হয়েছে।
ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা কাঙ্ক্ষিত মাত্রায় জ্বালানি তেল বিক্রি করেছেন।
তেলমন্ত্রী আরও উল্লেখ করেন, এই খাত থেকে অর্জিত আয়ের একটি নির্দিষ্ট অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল শিল্পের পুনর্গঠন এবং উন্নয়নে ব্যয় করা উচিত। এর আগে গত মাসে তিনি জানিয়েছিলেন যে, বিশ্ববাজারে বর্তমানে ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









