বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের যৌথ সতর্কবার্তা

ঢাকা, ৮ এপ্রিল – বাংলাদেশি নাগরিকদের ভিসা, পারমিট এবং অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে ১৩টি দেশ যৌথভাবে একটি নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। নির্দেশনায় ভিসা আবেদনকারীদের সুস্পষ্টভাবে সরকারি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে যে ভিসা আবেদনের ক্ষেত্রে কোনোভাবেই জাল কাগজপত্র ব্যবহার করা যাবে না।
একইসঙ্গে অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ধরনের বেআইনি কাজের ফলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, আর্থিক ক্ষতি, এমনকি সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে যে কোনো দেশের মিশন বা দূতাবাসের সঙ্গে কোনো দালালের সম্পৃক্ততা নেই।
তাই যারা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া বা প্রভাব বিস্তারের মিথ্যা আশ্বাস দেয় তাদের ওপর নির্ভর না করার কড়া পরামর্শ দেওয়া হয়েছে। সকল আবেদনকারীকে যাচাইকৃত সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এই যৌথ নির্দেশনা প্রদানকারী ১৩টি দেশ হলো অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









