ইউরোপ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

রোম, ১৪ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার ভেরোনায় আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। এই চুক্তির অধীনে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক গবেষণার কাজ পরিচালিত হয়ে আসছিল।

ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতালীয় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান অস্থিরতার কারণেই ইতালি দীর্ঘদিনের এই সামরিক অংশীদারত্ব থেকে সরে আসার পথ বেছে নিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে ইসরায়েলের সামরিক তৎপরতার কড়া সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বা ইউনিফিলে নিয়োজিত ইতালীয় সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এই প্রতিরক্ষা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ধাক্কা। এর মাধ্যমে ইতালি স্পষ্ট বার্তা দিয়েছে যে, বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে কোনো প্রকার সামরিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক নয়।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language