সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসছেন পুতিন, ডেটা সেন্টারে হামলার সঙ্গে সম্পর্ক নেই

মস্কো,১৪ অক্টোবর-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করবেন বলে বুধবার জানিয়েছে ক্রেমলিন। বৈঠকটিকে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বলা হলেও সম্প্রতি রাশিয়ার ডেটা সেন্টারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছে ক্রেমলিন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে সুবিধা তৈরি করেছে এবং কাজের দক্ষতা বাড়িয়েছে। তবে একই সঙ্গে এই নতুন প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টাও যেকোনো দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠছে। পেসকভ আরও বলেন, স্বাভাবিকভাবেই রাশিয়াও এর বাইরে নয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটিকে প্রস্তুত থাকতে হবে। আর এ কারণেই প্রেসিডেন্ট পুতিন এই বৈঠকের আয়োজন করছেন।
পেসকভ আরও জানান, গত সপ্তাহে রাশিয়ার চারটি ডেটা সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলার সঙ্গে এই বৈঠকের কোনো সম্পর্ক নেই। বৈঠকে সরকারের মন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
এদিকে, রাশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এই হামলার কারণে কেন্দ্রটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে এর মালিক রাশিয়ার বৃহত্তম ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠান এসবারব্যাংক। বুধবার প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সান্ডার ভেদিয়াখিন সাংবাদিকদের বলেন, ডেটা সেন্টারটিতে হামলা হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব ব্যবস্থা ও সেবা স্বাভাবিকভাবে চলছে।
ভোলগা নদীর তীরবর্তী সারাতভ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত এক সপ্তাহে রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের মালিকানাধীন তিনটি ডেটা সেন্টারে হামলা চালানো হয়েছিল। ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলায় তাদের নিজেদের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবেই তারা এ ধরনের হামলা চালাচ্ছে।
এসবারব্যাংক ও ইয়ানডেক্স রাশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে। দেশটির বাজারে এসবারব্যাংকের গিগাচ্যাট এবং ইয়ানডেক্সের ইয়ানডেক্সজিপিটি মডেলের মধ্যে প্রতিযোগিতা চলছে।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬







