জাতীয়

কৃষক কার্ড বিতরণ করতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইল, ১৪ এপ্রিল – পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিত হন। সেখানে তিনি সদর উপজেলার সুরুজ এলাকার বাসিন্দাদের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করবেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি এবং সরকারি সহায়তা অত্যন্ত সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language