ইরানে মার্কিন সামরিক বিমান সি-১৩০ হারকিউলিস ভূপাতিত করার দাবি

তেহরান, ৫ এপ্রিল – ইরানের আকাশসীমায় আরও একটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। রবিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, গত ৩ এপ্রিল ভূপাতিত হওয়া একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে নতুন এই বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসির তথ্যমতে, ইসফাহানে ধ্বংস করা বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি একটি সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমান। নিখোঁজ পাইলটকে সন্ধানের অভিযানে এটি নিয়োজিত ছিল। ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফারাজ রেঞ্জার্স নামের একটি বিশেষ পুলিশ কমান্ডো ইউনিট বিমানটি ভূপাতিত করেছে। তাদের দাবি, এই বিমানটি পবিত্র ভূমিতে অনুপ্রবেশকারী শত্রুদের রসদ সরবরাহের কাজে লিপ্ত ছিল। লকহিড সি-১৩০ হারকিউলিস মূলত যুক্তরাষ্ট্রের তৈরি চার ইঞ্জিনের একটি টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান।
এটি কৌশলগত মালপত্র পরিবহন, প্যারাট্রুপার নামানো এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ১৯৫৪ সালে প্রথমবারের মতো আকাশে ওড়ার পর থেকে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা সামরিক বিমান হিসেবে খ্যাতি পেয়েছে। বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই বিমান সক্রিয় রয়েছে। সামরিক ক্ষেত্রে সৈন্য ও কার্গো পরিবহনের পাশাপাশি আকাশপথে চিকিৎসা সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং অগ্নিনির্বাপণের কাজেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









