জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক আহত

ঢাকা, ১ মে – রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লিয়াকত হোসেন নামের এক মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছেন। আহত লিয়াকতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী লিয়াকত চাঁদপুর সদর উপজেলার ওয়ালেস বাজারের ইসমাইল গাজীর ছেলে। জানা গেছে, চাঁদপুর থেকে একটি মাইক্রোবাস চালিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন লিয়াকত।

কাজলা এলাকায় যানজটে আটকা পড়লে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তার গাড়ির জানালার কাছে আসে। তারা অস্ত্রের মুখে টাকা ও মূল্যবান জিনিসপত্র দাবি করে। লিয়াকত তাদের টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় আশেপাশের পথচারী ও যাত্রীরা চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে এক বাস যাত্রী লিয়াকতকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত চালককে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে কোনো মালামাল নিতে সক্ষম হয়নি।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language