মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

বৈরুত, ৩০ এপ্রিল – দক্ষিণ লেবাননের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হার্মিস ৪৫০জেড মডেলের ড্রোনটি ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বুধবার দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে। এর আগে গত মঙ্গলবার মাজদাল জউন শহরে চালানো দুটি পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী এবং একজন লেবানিজ সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন সাত হাজার ৮৬৩ জন।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language