সংযুক্ত আরব আমিরাতে ৮ শতাংশ বাড়ল পেট্রোলের দাম

দুবাই, ১ মে – মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত বুধবার দেশটির সরকারি প্রতিষ্ঠান ইউএই ফুয়েল প্রাইস কমিটি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। আজ ১ মে থেকে কার্যকর হচ্ছে নতুন এই বর্ধিত মূল্য। ফুয়েল প্রাইস কমিটির বিবৃতি অনুসারে আমিরাতে প্রচলিত তিনটি ব্র্যান্ডের পেট্রোলেরই দাম বাড়ানো হয়েছে।
এর মধ্যে সুপার ৯৮ প্রতি লিটার এখন থেকে বিক্রি হবে ৩ দশমিক ৬৬ দিরহামে যা আগে ছিল ৩ দশমিক ৩৯ দিরহাম। স্পেশাল ৯৫ ব্র্যান্ডের পেট্রোল এখন থেকে প্রতি লিটার ৩ দশমিক ৫৫ দিরহামে বিক্রি হবে যার পূর্বমূল্য ছিল ৩ দশমিক ২৮ দিরহাম। এছাড়া ই-প্লাস ৯১ পেট্রোলের দাম লিটারপ্রতি ৩ দশমিক ২০ দিরহাম থেকে বাড়িয়ে ৩ দশমিক ৪৮ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয় পেট্রোলের দাম শতকরা ৮ ভাগ বাড়ানো হলেও ডিজেলের দাম বর্তমানে অপরিবর্তিত রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সাথে সমন্বয় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার। নতুন এই মূল্যতালিকা আজ থেকে খুচরা পর্যায়ে কার্যকর করা হচ্ছে।
এস এম/ ১ মে ২০২৬









