উত্তর আমেরিকা

কানাডায় এমপি হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অটোয়া, ১ মে – কানাডার কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। টরোন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভের পর তিনি এই ইতিহাস গড়েন। ডলি বেগমের এই জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডলি বেগম জানান যে স্কারবরো সাউথওয়েস্টের জনগণের প্রতিনিধিত্ব করা তার জন্য বড় সম্মানের।

তিনি বলেন, কানাডার বর্তমান প্রেক্ষাপটে ঐক্য ও দৃঢ় নেতৃত্বের কোনো বিকল্প নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে তিনি অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। এর আগে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে টানা তিনবার নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ এবং ২০২২ সালের ধারাবাহিকতায় গত বছরও তিনি জয়ী হন।

তবে কেন্দ্রীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে কাজ করার লক্ষ্যে তিনি লিবারেল পার্টিতে যোগ দেন। সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার পদত্যাগ করায় এই আসনটি শূন্য হয়েছিল। ডলি বেগমের আদি বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ১২ বছর বয়সে বাবা রাজা মিয়া ও মা জবা বেগমের সাথে তিনি কানাডায় স্থায়ী হন। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা এই রাজনীতিক প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language