নিউইয়র্কে বিবাদ থামাতে গিয়ে বাংলাদেশি ট্যাক্সিচালক গুলিবিদ্ধ

আলবানি, ২৬ জুলাই – নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রুহুল আমিন নাসির নামে এক বাংলাদেশি ট্যাক্সিচালক। গত শুক্রবার ভোর রাত ৪টা ৫ মিনিটের দিকে ফোর্ট গ্রীণের সন্নিকটে নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে।
৫৩ বছর বয়সী নাসির কুইন্সের বাসিন্দা এবং দীর্ঘ ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নাসির তার ট্যাক্সির যাত্রী নামানোর সময় পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এ নিয়ে ধাক্কা দেওয়া গাড়ির চালক এবং নাসিরের নামিয়ে দেওয়া যাত্রীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এ সময় নাসির উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে পাশের একটি বাসা থেকে আসা এক ব্যক্তি অতর্কিতে তার ট্যাক্সির কাছে এসে গুলি চালায়। গুলিটি নাসিরের মুখের ডান পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাবেক এই সাধারণ সম্পাদকের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঘটনার ৩৮ ঘণ্টা পার হলেও বন্দুকধারী অপরাধী গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় প্রবাসী কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভারের মুখপাত্র ফার্নান্দো ম্যাতিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চালকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি ট্যাক্সিতে ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। ফেডারেশনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহের মধ্যে নিউইয়র্কে দায়িত্ব পালনরত চালকদের ওপর এটি দ্বিতীয় গুলির ঘটনা। এর কয়েক দিন আগে ব্রুকলিনে পাকিস্তানি এক চালকও বন্দুক হামলার শিকার হন।
এস এম/ ২৬ জুলাই ২০২৬







