ইরানে মার্কিন হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

তেহরান, ১ মে – ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সংক্রান্ত সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফিং দেওয়ার খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। যদিও লেনদেনের শেষ দিকে দাম কিছুটা কমে ১১৪ ডলারে নেমে আসে।
ইউক্রেন যুদ্ধের পর তেলের বাজারে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর দেখা যায়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইরানের সাথে আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটির ওপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। একইসাথে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় বিবেচনায় রয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানে নতুন করে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এর ফলে কেবল জ্বালানি নয় বরং খাদ্যপণ্যের দাম এবং উড়োজাহাজের ভাড়াও অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি আরও ঘনীভূত হচ্ছে কারণ বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।
এস এম/ ১ মে ২০২৬









