জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

পাবনা, ৩ এপ্রিল – গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একই সঙ্গে বিগত ফ্যাসিবাদের আমলে যে সকল গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন তাদের একটি তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র দেড় মাস হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু হয়েছে। সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন গণমাধ্যমের ওপর নির্যাতনের ইতিহাস মূলত ফ্যাসিবাদের কর্মকাণ্ডের একটি অংশ। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা নিয়ে যারা কাজ করেছেন তাদের ওপর হওয়া নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। এসব অপরাধ চিহ্নিত করতে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব চিকিৎসক আহমেদ মোস্তফা নোমান।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language