জাতীয়

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ১ মে – মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি শ্রমিকদের দেশের উন্নয়নের মূল কারিগর ও অর্থনীতির চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে ১৮৯৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, শ্রমিকদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, পরিবহন ও নির্মাণসহ দেশের সব খাত এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাক খাত ও প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকবান্ধব নীতি ও বৈদেশিক কর্মসংস্থানের উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শ্রম আইন প্রণয়ন ও শ্রমকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অবদানের কথা রাষ্ট্রপতি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সরকার বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং পর্যায়ক্রমে পাটকল চালুর উদ্যোগ নিয়েছে।

উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই শিল্পোন্নয়নের জন্য শ্রমিক ও মালিকের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর বিশেষ জোর দেন রাষ্ট্রপতি। তিনি শ্রম অসন্তোষ এড়াতে সকলকে দায়িত্বশীল থাকার এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে উৎসাহিত করার তাগিদ দেন। নারী শ্রমিকদের নিরাপত্তা ও সমমজুরি নিশ্চিত করাকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া আইএলও এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language