অসুস্থ হজযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী, দিলেন সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

ঢাকা, ১ মে – অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর চিকিৎসার খোঁজখবর নেন। এসময় মন্ত্রী হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক এবং ওই হজযাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
৭৪ বছর বয়সী হজযাত্রী গোলাম মোস্তফা তার স্ত্রীর সঙ্গে হজে যাওয়ার উদ্দেশ্যে হজক্যাম্পে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে প্রথমে আশকোনা হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা শেষে রক্তে উচ্চমাত্রার সুগার শনাক্ত করেন। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
বর্তমানে সেখানে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ প্রসঙ্গে জানান, শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ওই হজযাত্রীর জন্য নির্ধারিত ফ্লাইট রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এস এম/ ১ মে ২০২৬









