নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকায় পহেলা মে উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম ভাষণ হতে যাচ্ছে। মূল অনুষ্ঠানের পূর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মজীবী নারীও এ সমাবেশে অংশ নিয়েছেন।
সমাবেশের আয়োজক ও কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে লাখো শ্রমজীবী মানুষের সমাগম ঘটবে। প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে সমাবেশস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়া জরুরি পরিস্থিতির মোকাবিলায় রাখা হয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থা।
এস এম/ ১ মে ২০২৬









