জাতীয়

ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছি: মুফতি ফয়জুল করীম

ঢাকা, ১ মে – ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত নির্বাচনগুলোতে ইসলামের আদর্শ সমুন্নত রাখতে তারা আপসকামিতার পথ পরিহার করেছেন। শুক্রবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।

মুফতি ফয়জুল করীম বলেন, অন্যান্য দল যখন ইসলামকে উপেক্ষা করে নেপথ্য সমঝোতায় লিপ্ত ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তিনি দাবি করেন, তাদের দল কোনো গোপন রাজনীতিতে বিশ্বাসী নয় এবং তাদের সব কার্যক্রম জনগণের সামনে উন্মুক্ত ও স্বচ্ছ। ইসলামের মর্যাদা রক্ষায় ক্ষমতা বা স্বার্থ ত্যাগের ক্ষেত্রে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদে চলমান রাজনৈতিক বিতর্কের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে পুরনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার ইস্যু নতুন করে সামনে আনা হচ্ছে যা কেবল জাতিকে বিভ্রান্ত করছে। তিনি বিরোধী দলগুলোর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তাদের পরিষ্কার করতে হবে তারা কি ইসলামী শরিয়াহর পক্ষে নাকি প্রচলিত শাসনব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সর্বদা শরিয়াহর পক্ষেই থাকবে তা তিনি পুনরায় নিশ্চিত করেন।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের শ্রমিক সমাজ দীর্ঘকাল ধরে অবহেলিত ও শোষিত হচ্ছে। তাদের অধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি প্রস্তাব করেন যে, প্রতিটি শ্রমিককে রাষ্ট্রীয়ভাবে পরিচয়পত্র বা কার্ড প্রদান করতে হবে। এই কার্ডের মাধ্যমে তাদের জন্য সুচিকিৎসা, পর্যাপ্ত খাদ্য এবং নিরাপদ আবাসনের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language