এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঢাকা, ৩১ মার্চ – আগামী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান দামই বহাল থাকছে। নতুন এই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এপ্রিল মাসেও ভোক্তাদের এই দামেই জ্বালানি তেল কিনতে হবে।
এর আগে সকালে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম ঘোষণার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছিলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে ১৫ থেকে ১৬ দিনের চাহিদা অনায়াসে মেটানো সম্ভব। মজুত থাকা তেলের মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
এপ্রিল মাসে দেশে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আসবে বলে তিনি নিশ্চিত করেন। এর ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। দেশের মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি এবং গণপরিবহনে ব্যবহৃত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে বলে মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









