ব্যবসা

৬ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দাম বাড়াল বাজুস, ভরি ২ লাখ ৪১ হাজার

ঢাকা, ২৮ মার্চ – টানা সাত দফায় কমার পর শনিবার দেশের বাজারে দুবার সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সকালে দাম বাড়ানোর পর মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বিকেলে আরেক দফায় সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয় সংস্থাটি।

বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম শনিবার বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।এর আগে শনিবার সকাল ১০টায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে সোনার দাম দুবার বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language