দেশের বাজারে আরও এক দফা কমল সোনার দাম, কার্যকর আজ থেকে

ঢাকা, ৬ জুন – দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২ জুন সোনার দাম এক দফায় ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এর ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই দফায় ভরিতে দাম কমল মোট ৮ হাজার ৭৪৮ টাকা।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ৬ জুন ২০২৬









