অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম কমলো ১৫ টাকা ৬৭ পয়সা

ঢাকা, ৭ জুন – বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত এই জ্বালানির দাম প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমানো হয়েছে।
রোববার বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের জন্য গুনতে হবে ১৫০ টাকা ২১ পয়সা যা আগে ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ৯৮০৮ ডলার।
এর আগে সবশেষ ২৩ মে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। সেই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ১ দশমিক ০৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে পুনরায় এই জ্বালানি তেলের দাম কমানোর ফলে বিমান চলাচলের ব্যয়ে কিছুটা স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ৭ জুন ২০২৬









