ব্যবসা

সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

ভ্যাট রিটার্ন

ঢাকা, ২০ সেপ্টেম্বর- সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।

এ বিষয়ে এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে উল্লেখিত খাতগুলোর পণ্য উৎপাদনকারী এবং এসব সেবা খাতের সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হলো। কোনো নিবন্ধিত ব্যক্তি ওপরের পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে।

আদেশে আরও বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করে আগে কোনো আদেশ জারি করে থাকলে, এই আদেশ জারির পর সেসব আদেশ বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশে উল্লেখ করা খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা সংরক্ষণ করেছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language