দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রূপার দাম

ঢাকা, ১০ জুন – দেশের বাজারে আবারও স্বর্ণ ও রূপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা করা হয়েছে।
২১ ক্যারেটের স্বর্ণের দাম ৬ হাজার ২৯৮ টাকা কমে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৫ হাজার ৪২৪ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রূপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৮৯৯ টাকা করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেট রূপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৬ জুন সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল।
এস এম/ ১০ জুন ২০২৬









