ব্যবসা

ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো, ১২ কেজির সিলিন্ডার ১৮৮৫ টাকা

ঢাকা, ২ জুন – ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছে।

সিলিন্ডারের বিভিন্ন ওজন অনুযায়ী নতুন দাম নির্ধারিত হয়েছে। যার মধ্যে ৫.৫ কেজি ৮৬৪ টাকা, ১২.৫ কেজি ১৯৬৩ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডারের দাম ২,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৬ থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে। সর্বোচ্চ ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭০৬৮ টাকা।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে ২ এপ্রিল বাড়ানো হয়েছিল ৩৮৭ টাকা। অর্থাৎ টানা দুই দফায় প্রায় ৫৯৯ টাকা বাড়ার পর এবার দাম কিছুটা কমল।

বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে।

এনএন/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language