ব্যবসা

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিপ্রতি হ্রাস ৩ হাজার ২৬৬ টাকা

ঢাকা, ২ জুন – দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

নতুন মূল্যের তালিকায় দেখা গেছে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এখন থেকে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৫ মে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের সোনার ভরি ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৩ বার কমানো হয়েছে। উল্লেখ্য গত বছর সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।

এনএন/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language