ফুটবল

কানসাস সিটিতে চুরির কবলে ইংল্যান্ড ফুটবল দল: খোয়া গেল বুট ও বল

কানসাস সিটি, ১৩ জুন – যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বেস ক্যাম্পে পৌঁছেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড জাতীয় দল। টুর্নামেন্টের ১৭ জুন দিবাগত রাতের প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য সেখানে পৌঁছালেও অনুশীলনের আগে তাদের বেশ কিছু সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যে শনিবার বিকেলে প্রথম অনুশীলনে নামার আগেই চুরির শিকার হয় হ্যারি কেইনের দল। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ বর্তমানে চুরি হওয়া সরঞ্জামের তালিকা তৈরির চেষ্টা করছে।

প্রাথমিকভাবে জানা গেছে যে চুরি যাওয়া জিনিসের মধ্যে অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং খেলোয়াড়দের বুট রয়েছে।

কানসাস সিটির সোপ সকার ভিলেজে দলটির ক্যাম্প করার কথা ছিল এবং সেখান থেকেই এসব সরঞ্জাম খোয়া গেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী চুরি হওয়া উপকরণের মধ্যে দলের শীর্ষ তারকাদের ব্যক্তিগত বুটও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান কোচ থমাস টুখেলের অধীনে শনিবার বিকেলেই প্রথমবার অনুশীলনে নামার কথা ছিল ইংলিশ ফুটবলারদের।

চুরির ঘটনা সম্পর্কে এফএ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি না হলেও বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। শুক্রবার রাতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

আগামী বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপের এল গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে ইংল্যান্ড। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ঘানা ও পানামা।

১৯৬৬ সালের একমাত্র শিরোপাজয়ী দেশটি এবার টুখেলের নির্দেশনায় দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে মাঠের লড়াই শুরুর আগেই অনুশীলনের সরঞ্জাম হারানোর এই ঘটনা দলের জন্য এক বড় অস্বস্তি তৈরি করেছে।

এনএন/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language