বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা

মুম্বাই, ৭ আগস্ট – তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা তার এই সিদ্ধান্তের কথা জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি পারিবারিক আদালতে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। শুক্রবার আদালতের আদেশে মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।
এর আগে সঙ্গীতা ও বিজয়ের দাম্পত্য সংক্রান্ত মামলার শুনানি বেশ কয়েকবার বিভিন্ন কারণে মুলতবি হয়েছিল। গত ১৫ জুন সঙ্গীতা তার আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছিল। তবে শুনানিতে সশরীরে উপস্থিত না হওয়ায় এবং আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মামলাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সঙ্গীতা তার আবেদনে মতপার্থক্যের কথা উল্লেখ করে বিবাহবিচ্ছেদ এবং সেই সঙ্গে স্থায়ী ভরণপোষণ ও চেন্নাইয়ের একটি বাড়িতে বসবাসের অনুমতি চেয়েছিলেন।
১৯৯৯ সালের ২৫ আগস্ট জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। তাদের দীর্ঘ তিন দশকের সংসারে দুই সন্তান রয়েছে। ২০২৩ সাল থেকে বিজয়ের রাজনৈতিক এবং বিভিন্ন জনসভায় সঙ্গীতার অনুপস্থিতি নিয়ে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। বিশেষ করে ২০২৫ সালের দলীয় সম্মেলনে তাকে দেখা না যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথ থেকে সরে দাঁড়ালেন সঙ্গীতা।
এনএন/ ৭ আগস্ট ২০২৬









