ফুটবল

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আর্জেন্টিনা ও মেক্সিকো

বুয়েনস আইরেস, ৭ আগস্ট – বিশ্বকাপের বাণিজ্যিক অধিকারের আংশিক বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এমন কঠিন সময়ে তার প্রতি সংহতি প্রকাশ করেছে আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল সংস্থা।

সম্প্রতি সম্পন্ন হওয়া বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের অবস্থানের বিপরীতে গিয়ে ইনফান্তিনোকে সমর্থন দিয়েছে। এর আগে কনকাকাফ ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নের দাবি তুলেছিল।

বৃহস্পতিবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল সর্বসম্মতভাবে ইনফান্তিনোর প্রতি আস্থা জ্ঞাপন করে। তবে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছে। তারা বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কট করার ঘোষণা দিয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনও উয়েফা ও কনকাকাফের অবস্থানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে অপসারণের কোনো প্রক্রিয়া তারা গ্রহণ করবে না। মেক্সিকো ফুটবল ফেডারেশনও একই সুরে কথা বলেছে।

তারা জানিয়েছে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে কোনো উদ্যোগকে তারা স্বীকৃতি দেবে না। বরং ফুটবলের উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে দেশটি।

এদিকে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকের পর ফিফা জানিয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির প্রস্তাব ঘিরে ভুল বোঝাবুঝির জন্য তারা সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে। বিতর্কিত প্রক্রিয়াগুলো পুনরায় খতিয়ে দেখার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এস এম/ ৭ আগস্ট ২০২৬


Back to top button