ব্যবসা

দেশের বাজারে কমলো সোনার দাম, কার্যকর আজ থেকে

ঢাকা, ১০ জুন – দেশের বাজারে সোনার দাম আবারও বড় ব্যবধানে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

গত জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত তিন দফায় সোনার দাম কমানো হলো ১৫ হাজার ৩৩৯ টাকা। এর আগে গত ২ জুন সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা এবং ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language