জাতীয়
আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর এই ভাষণটি একযোগে সরাসরি সম্প্রচার করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জানানো হয়েছিল যে ভাষণটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। প্রসঙ্গত গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এরপর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









