জাতীয়

শাপলা চত্বর গণহত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ল ৫ এপ্রিল পর্যন্ত

ঢাকা ৫ ফেব্রুয়ারি – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে চলা এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিকালে তিনি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন জানান। আদালত তার আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ হিসেবে ৫ এপ্রিল নির্ধারণ করেন।

মামলার শুনানিকালে গ্রেপ্তারকৃত পাঁচজন আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজিরকৃত আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এই অভিযোগটি পেশ করেন। অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, শেখ ফজলে নূর তাপস এবং পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language