জাতীয়

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ইন্তেকাল

ঢাকা, ১৭ এপ্রিল – বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বিসিএস ১৩তম ব্যাচের কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

কর্মজীবনের শুরুতে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে অর্থ মন্ত্রণালয়ের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন কাস্টম হাউস এবং ভ্যাট কমিশনারেটে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language