দক্ষিণ এশিয়া

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

দিল্লি, ১৭ এপ্রিল – দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উভয় বিমানের ডানার ক্ষতি হলেও কোনো যাত্রী বা কর্মী আহত হননি। বৃহস্পতিবার দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেটের দুটি বিমানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে একটি স্পাইসজেট বিমান ট্যাক্সিং করার সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা আকাশ এয়ারের একটি বিমানকে ধাক্কা দেয়।

এতে স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাশ এয়ারের বিমানের লেজ বা হরাইজন্টাল স্টেবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর দুটি বিমানকেই নিবিড় পরীক্ষার জন্য উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে। আকাশ এয়ারের বিমানটি হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্যদিকে স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি লাদাখের লেহ্‌ থেকে অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল।

এয়ার ট্রাফিক কন্ট্রোল বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য ইতোমধ্যে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। স্পাইসজেট ও আকাশ এয়ার উভয় কর্তৃপক্ষই নিশ্চিত করেছে যে সকল যাত্রী এবং বিমানকর্মী নিরাপদ রয়েছেন।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language