মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফিরছেন বাস্তুচ্যুত মানুষ

বৈরুত, ১৭ এপ্রিল – ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বৈরুত থেকে দক্ষিণাঞ্চলগামী প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা সত্ত্বেও হাজার হাজার পরিবার তাদের ফেলে আসা ভিটেমাটির টানে ফিরছেন।

দেশটির কর্তৃপক্ষ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নাগরিকদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছিল। তবে সাধারণ মানুষ সেই আহ্বানে কান না দিয়ে ঘরে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। গত ৪৬ দিনের ভয়াবহ লড়াইয়ে অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন। অনেকে তাবু বা খোলা আকাশের নিচে গাড়িতে রাত কাটিয়েছেন। বাড়ি ফেরার পথে থাকা লেবানিজরা বলছেন যে নিজ ভূমির মায়া ত্যাগ করা সম্ভব নয় এবং তারা সেখানে আবার নতুন করে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন।

এদিকে এই যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব রক্ষার প্রতি পুনরায় সমর্থন জানিয়েছে। একই সঙ্গে ওমানও এই শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছে। ওমান সরকারের পক্ষ থেকে সব পক্ষকে যুদ্ধবিরতির শর্তাবলী যথাযথভাবে মেনে চলার জন্য গুরুত্বারোপ করা হয়েছে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button