রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

রাজশাহী, ২৯ জানুয়ারি – রাজশাহী অঞ্চলের দীর্ঘদিনের কৃষি ও পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। শুক্রবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। দীর্ঘ ২২ বছর পর শুক্রবার দুপুরে রাজশাহীর মাটিতে পা রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনসভায় তারেক রহমান রাজশাহী অঞ্চলের উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন। বিশেষ করে বরেন্দ্র প্রকল্পের পুনরুজ্জীবনে জোর, আম সংরক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও আইটি খাতের প্রসার এবং ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি তার দলের অবস্থান পরিষ্কার করেন। কৃষি ও পানি সমস্যার সমাধানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার বরেন্দ্র প্রকল্পের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ জিয়ার বরেন্দ্র প্রকল্পের ফলে একসময় এই অঞ্চলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিকে অবহেলায় ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিএনপি সরকার গঠন করলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে এবং মৃতপ্রায় খালগুলো খনন করা হবে বলে তিনি আশ্বাস দেন। জনগণের সমর্থন পেলে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবে। কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের কৃষক ভালো থাকলে তবেই দেশ ভালো থাকবে। কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড চালু করা হবে যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সার, বীজ ও কীটনাশকের সুবিধা সহজে পাবেন। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেন তিনি। রাজশাহী অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আম চাষিদের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে আম সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। আম যাতে দীর্ঘ দিন সংরক্ষণ করা যায় সেজন্য এ অঞ্চলে বিশেষায়িত হিমাগার তৈরির পরিকল্পনা রয়েছে। রাজশাহী আইটি পার্কের বর্তমান কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আইটি পার্ক থাকলেও সেখানে কাজের সুযোগ নেই। শিক্ষিত ও আইটি দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই পার্ককে সচল করার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে খালেদা জিয়ার অবৈতনিক শিক্ষা কার্যক্রমের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে তারা রাষ্ট্র থেকে মাসিক সহায়তা পাবেন যা সংসারের ব্যয় মেটাতে সহায়ক হবে। এ ছাড়া চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমাতে এ অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী নির্বাচনকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে অভিহিত করে তিনি বলেন, দেশকে গণতন্ত্রের পথে রাখতে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে কেউ ধর্ম পরিচয় দেখেনি। তিনি স্পষ্ট করেন যে, বিএনপি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। জনসভায় ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীদের দেখে রাখার দায়িত্ব জনগণের এবং বিজয়ী হলে জনগণের দেখভাল করার দায়িত্ব এই প্রার্থীদের। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার মতো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনকেও রক্ষা করতে হবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে।
এস এ এস / ২৯ জানুয়ারি ২০২৬









