কুমিল্লা

ছাত্রলীগ নেতা বললেন ছাত্রদলের পোস্টার ছেড়া ভালো হয়নি

কুমিল্লা, ২৯ ডিসেম্বর- রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করেছে কুবি শাখা ছাত্রদল।

তবে দীর্ঘদিন পর হঠাৎ ছাত্রদলের এমন কার্যক্রম দেখা যাওয়ার ঘণ্টাখানেক বাদেই উধাও হয়ে গেছে সেসব পোস্টার। ছাত্রদলের অভিযোগ এসব পোস্টার ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল সোমবার এসব পোস্টারিং করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠালগ্ন থেকে কাগজে-কলমে রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে বলা হলেও প্রকৃতপক্ষে এখানে ছাত্র রাজনীতি বেশ সক্রিয়। বর্তমানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম বেশ জোরেসোরেই চলছে বিশ্ববিদ্যালয়টিতে।

এদিকে দেশের অন্য একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন ছাত্রদলের উপস্থিতি ছিল স্তিমিত।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর গতকাল রাজনৈতিক কোনও অনুষঙ্গ হতে ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পাসের আশপাশে আসতে দেখা গেছে।

ক্যাম্পাসের অভ্যন্তরে পোস্টারিং ও রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আবুল বাশার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারিং করা হয়েছে কিন্তু তাতে লাভ কি হয়েছে। ঘণ্টাখানেক পরেই খবর পেলাম ছাত্রলীগের ছেলেরা ওগুলা ছিঁড়ে ফেলেছে। আমরা বরাবরই সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সুস্থ ধারার রাজনীতি করতে চেয়েছি, কিন্তু ছাত্রলীগের ছেলেদের জন্য এখন ক্যাম্পাসের সামনে বসে চা খাওয়ার সুযোগটাও আমাদের নেই। তবে আমরা শিগগিরই আহ্বায়ক কমিটি দেয়ার মাধ্যমে আবারও ক্যাম্পাসে সরব ও সক্রিয় হওয়ার চেষ্টা করব।

এদিকে ছাত্রদলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, আমি ক্যাম্পাসে গিয়ে দেখি কারা যেন পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবে যারা ছিঁড়েছে তারা কাজটি ভালো করেনি।

তিনি আরও বলেন, ছবিতে দেখেছি যারা পোস্টারিং করেছে তাদের কারো ছাত্রত্ব নেই। একজন প্রাক্তন শিক্ষার্থীকে দেখেছি। বাকিদের দেখে আমার ছাত্র মনে হয়নি।

সূত্র: আরটিভি

আর/০৮:১৪/২৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language