সুনামগঞ্জ

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা আদালতে স্বীকার করলেন হেলপার

মো. বোরহান উদ্দিন

সুনামগঞ্জ, ২৯ ডিসেম্বর- সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার বাসের হেলপার রশিদ আহমদ (২২) আদালতে ১৬৪ ধারায় নিজের জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রশিদ আহমদকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর এর আদালতে হাজির করলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রশিদ আহমদ।

এরপর তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন জানান, রশিদ আহমদ আদালতে জবানবন্দি দিয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রশিদ আহমদ সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিরচর গ্রামের হাবিব আহমদের ছেলে।

২৭ ডিসেম্বর রোবর গভীর রাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাস মালিকের সহায়তায় জেলার ছাতক উপজেলার বুরাইরগাঁও গ্রামের শ্বশুর বাড়ি থেকে রশিদ আহমদকে আটক করে। তবে বাসের চালক শহীদ মিয়া এখনও পলাতক রয়েছে। শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার ওই কলেজ ছাত্রীকে আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে চালক ও হেলপার কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে। স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে দিরাই হাসপাতালে নেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।

আরও পড়ুন- দিরাইয়ে চলন্তবাসে ধর্ষণ চেষ্টা, হেলপার আটক

এ ঘটনায় শনিবার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। নির্যাতিতা ছাত্রীর বাড়ি দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামে। সে দিরাই ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী বর্তমানে সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সূত্র: নিউজ২৪
আডি/ ২৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language