দেশে হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ছাড়াল

ঢাকা, ৩০ জুলাই – দেশে হামের উপসর্গে গত চব্বিশ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসেরও বেশি সময়ে হাম ও এর উপসর্গে দেশে মোট ৮৩৫ শিশুর মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় মৃত চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৫ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত চার মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ১ লাখ ১০ হাজার ১৮২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এনএন/ ৩০ জুলাই ২০২৬









