সুনামগঞ্জ

মধ্যনগরে পাহাড়ি ঢলে হাওরের বাঁধ ভেঙে ফসলহানি

সুনামগঞ্জ, ২৮ এপ্রিল – সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরে পাহাড়ি ঢলের চাপে গ্রামীণ সড়ক ভেঙে পানি প্রবেশ করছে। সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত মনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামীণ সড়ক ভেঙে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ইকরাছই হিসেবে পরিচিত ওই হাওরে মোট ১১৪ হেক্টর ফসলি জমি রয়েছে।

এর মধ্যে ইতিমধ্যে ৪০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ফসল রক্ষায় স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান যে, ভেঙে যাওয়া অংশটি মূলত পানি উন্নয়ন বোর্ডের কোনো স্থায়ী বাঁধ নয় বরং হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক।

নেত্রকোনার দুর্গাপুর থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলের তোড়ে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, হাওরের অধিকাংশ জমির ফসল ইতিমধ্যে কাটা হয়ে গেলেও আনুমানিক ৫ থেকে ১০ হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রয়েছে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language