সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

সুনামগঞ্জ, ১১ জুলাই – সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী এমদাদু হক জানান যে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়ার প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
এদিকে জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানিয়েছেন যে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আগাম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১১টি উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণ ও মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি নৌযান ও বিশুদ্ধ পানি সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস এম/ ১১ জুলাই ২০২৬









