সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শ

সুনামগঞ্জ, ২৫ এপ্রিল – সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাওর এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও সংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায় যে বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী সুরমা, কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ২৮ এপ্রিল থেকে এসব নদীর পানি কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যার কারণে বোরো ফসলের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকায় যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









