জাতীয়

রূপপুরে ইতিহাস: প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু, নভেম্বরেই যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

পাবনা, ৩০ অক্টোবর – বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। সব কিছু ঠিকঠাক থাকলে উৎপাদিত এই ঐতিহাসিক পারমাণবিক বিদ্যুৎ আগামী নভেম্বর মাসেই যুক্ত হতে পারে জাতীয় গ্রিডে—যা দেশের জ্বালানি খাতের জন্য এক যুগান্তকারী মাইলফলক।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে মুঠোফোনে এই মেগা নিউজের সত্যতা নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

দুপুর ১২টায় সফল চেইন রিঅ্যাকশন

মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে অত্যন্ত সফলভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন করা হয়। এর পরপরই পরমাণু চুল্লি থেকে ধীরে ধীরে সম্পূর্ণ নিয়ন্ত্রিত উপায়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ ‘চেইন রিঅ্যাকশন’ বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া সফলভাবে চালু করা হয়।

৩০০ মেগাওয়াট ছুঁলেই জাতীয় গ্রিডে আলো!

আইএইএ (IAEA)-এর নির্দেশনা মেনে রাশিয়ান পরমাণু সংস্থা রসাটমের সহযোগিতায় নির্মিত এই মেগা প্রকল্পের ‘বি-১’ পর্যায়ের কাজ আগেই সফলভাবে শেষ হয়েছিল। এরপর প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে ‘বি-২’ ধাপে চুল্লিকে প্রস্তুত করে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে।

প্রকল্প সূত্র জানিয়েছে, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পরপরই বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

দ্বিতীয় ইউনিটেও চমক: জ্বালানি সরবরাহ শুরু!

এদিকে প্রথম ইউনিটের এই ঐতিহাসিক অর্জনের সঙ্গেই যুক্ত হয়েছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের সুসংবাদ। রসাটম বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় ইউনিটের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রমও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

এনএন/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language