ঢালিউড

কোরবানি উপলক্ষে খাসি জবাই দিলেন নায়ক বাপ্পি

ঢাকা, ২৯ জুন – সনাতন ধর্মালম্বী হলেও ঈদুল আজহার আনন্দ ভাগ করে নিতে কোরবানি দিচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এবার তিনি একটি খাসি কোরবানি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে কোরবানির পশুর কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যেখানে তিনি লিখেছেন, ‘ত্যাগের মাঝেই শান্তি। সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার ইমোজিও।

বাপ্পির সেই পোস্টে সকল ধর্মের অনুসারীরাই ভালোবাসা প্রকাশ করেছেন। ধর্মের ভেদাভেদ না রেখে উৎসব উদযাপন করাই হোক সকলের কাম্য, এমনটাও বলেছেন।

শুধু চিত্রনায়ক বাপ্পিই নয়। প্রতিবারের মতো এবারও কোরবানি দিয়েছেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। এবার তিনি দুটি খাসি কোরবানি দেবেন বলে জানিয়েছেন।

বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে মিম লিখেছেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।’

তিনি আরও লিখেছেন, ‘ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

আইএ/ ২৯ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language