শিশু রামিসা হত্যার বিচার চেয়ে সোচ্চার শাকিব খান

ঢাকা, ২২ মে – রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি বলেন যে,
একটি শিশুর আর্তনাদ কেবল একটি পরিবারের বেদনা নয় বরং এটি পুরো সমাজের জন্য গভীর ক্ষত। এই ধরনের ঘটনা আমাদের মানবিকতা এবং বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। শাকিব খান আরও বলেন যে দ্রুত বিচার ও কঠোর শাস্তির প্রয়োগ না হলে অপরাধীদের মনে ভয়ের সৃষ্টি হবে না।
তিনি মনে করেন যে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও বাড়িয়ে দেওয়া। তিনি চান না কোনো পিতাকে যেন আর বলতে হয় যে এই দেশে বিচার নেই। এই ঘটনায় ইতোমধ্যেই প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার রাতে রামিসার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও দ্রুত চার্জশিট প্রদান ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। বিনোদন জগতের অন্যান্য তারকারাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে সোচ্চার হয়েছেন।
এস এম/ ২২ মে ২০২৬









