খাল খননের নামে সারাদেশে লুটপাট চলছে: ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল, ২ জুন – এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন যে, খাল খনন প্রকল্পের নামে সারাদেশে ব্যাপক লুটপাট চালানো হচ্ছে। প্রকৃত প্রয়োজন থাকা খালগুলো খনন না করে ইতোমধ্যে খনন করা খালের পাশেই নতুন করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, যেসব খাল সরকারি অন্যান্য দপ্তর ইতোমধ্যে খনন করেছে, সেগুলোর পাশেই নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।
অথচ যেসব খাল প্রকৃতপক্ষে খননের প্রয়োজন ছিল এবং যেগুলোর বরাদ্দ অনুমোদন হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে। তার মতে, প্রকৌশলীদের হিসেবে এক কিলোমিটার খাল খননে ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্পে ৭০ থেকে ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন কার্ড বিতরণের প্রচারের জন্য ৪১২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে সারাদেশে ৪৪ হাজার বিলবোর্ড স্থাপন করা হবে। তিনি দাবি করেন, সরকার মানুষের জন্য সামান্য ব্যয় করে তার প্রচারে হাজার গুণ বেশি টাকা খরচ করছে।
এসব প্রকল্পের কাজ সরকারি দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি মহল্লা মাদকের আখড়ায় পরিণত হচ্ছে। সরকারি দলের প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের অসাধু অংশের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।
এই পরিস্থিতি মোকাবিলায় তিনি এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মাধবপাশা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আব্দুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ২ জুন ২০২৬









