প্রবাসীদের সমস্যা সমাধানে অভিযোগ নিষ্পত্তি সেল গঠন করল মন্ত্রণালয়

ঢাকা, ২ জুন – বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে একটি বিশেষ অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান যে, মঙ্গলবার থেকেই এই কমিটি কার্যকর হবে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব। এছাড়া এনফোর্সমেন্ট শাখার সিনিয়র সহকারী সচিবকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবগঠিত এই কমিটির প্রধান কাজ হবে নির্দিষ্ট ইমেইল ঠিকানার মাধ্যমে প্রাপ্ত প্রবাসীদের অভিযোগগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা। কমিটির কার্যপরিধি অনুযায়ী, প্রাপ্ত আবেদন ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিদিন অথবা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
এছাড়া কাজের প্রয়োজনে কমিটি যেকোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে। প্রবাসীদের সুবিধার্থে অভিযোগ প্রেরণের জন্য দুটি ইমেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে।
এস এম/ ২ জুন ২০২৬









